লেস্টারে ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মহসিন হোসেন, বিশেষ প্রতিনিধি, লেস্টার (যুক্তরাজ্য): যুক্তরাজ্যের লেস্টারে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় কমিউনিটির স্বনামধন্য সামাজিক সংগঠন ‘ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২০৩০ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গত ৭ই জুন (২০২৬) লেস্টারের একটি স্থানীয় মিলনায়তনে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।
নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোখলেস আহমেদের দক্ষ ও প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানটির সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং এরপর অত্যন্ত শ্রদ্ধার সাথে বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরিচিতি ও আলোচনা সভার পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি জমকালো ও আনন্দময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেস্টার ইস্টের নবনির্বাচিত মাননীয় এমপি শিবানী রাজা (Shivani Raja)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেস্টার সাউথের মাননীয় এমপি শওকত আদম (Shockat Adam)। ব্রিটিশ পার্লামেন্টের এই দুই প্রভাবশালী সদস্য তাদের বক্তব্যে ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এবং মূলধারার সাথে সম্পৃক্ত করতে অনন্য ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও তারা কমিউনিটির উন্নয়নে এই সংগঠনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শহীদুল্লাহ খান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের এমবিই (MBE), সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর আমিনুর তালুকদার এবং সাবেক কাউন্সিলর শারমিন রহমান।
অনুষ্ঠানের প্রধান বক্তা মহসিন হোসেন তার বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম বুলু, আব্দুল হালিম তালুকদার এবং হারুন শাহ জামান।
সংগঠনের উপদেষ্টামন্ডলীদের মধ্যে বক্তব্য রাখেন নূরনবী তালুকদার, ওসমান শিব্বির, আবুল বাশার মিশু, ফজলুর রহমান, আলহাজ্ব এম এ মান্নান খান, নুর এলাহী রিপন এবং মোহিত মিয়া সেলিম। তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ ধরে রেখে প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় কমিটির কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সুলতান উদ্দিন সুজন, সহ-সভাপতি কবির হোসেন এবং সহ-সভাপতি সাহেদুল ইসলাম। এছাড়াও কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে রাসেল চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগামী দিনে লেস্টারের বাংলাদেশি কমিউনিটির সার্বিক উন্নয়নে আরও গতিশীল ভূমিকা পালন করবে। নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।




















