সাংবাদিকদের নিয়ে মাহী ফেরদৌস জলিলের কুরুচিপূর্ণ মন্তব্য, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কড়া প্রতিবাদ
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম অ্যাওয়ার্ডস ও গালা ডিনারে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল সাংবাদিকদের উদ্দেশ্যে অত্যন্ত অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি সাংবাদিকদের পাশাপাশি তাঁদের পরিবারকে নিয়েও আপত্তিকর বক্তব্য দিয়েছেন, যাকে পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও সম্মানহানির চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখছে প্রেস ক্লাব।
মাহী জলিলের বক্তব্যের কারণে যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিকগণ হেয় প্রতিপন্ন হয়েছেন, এবং তাদের সম্মানহানী হয়েছে। কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের যে অবদান সেটিকে অবমূল্যায়ন করা হয়েছে, যা একেবারে অগ্রহণযোগ্য।
আমরা লক্ষ্য করেছি, জনাব মাহী ফেরদৌস জলিল ইতোমধ্যে একটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে লন্ডন বাংলা প্রেস ক্লাব মনে করে, এ ধরনের অবমাননাকর বক্তব্যের জন্য তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে একটি বিবৃতি প্রদান করা উচিৎ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য তাঁর প্রতি আহ্বান জানাচ্ছে ।
লন্ডন বাংলা প্রেস ক্লাব আরো আশা করে, তিনি ভবিষ্যতে সাংবাদিক সমাজের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবেন। উল্লেখ্য, গত ১ নভেম্বর বিসিএ’র বার্ষিক অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠানে কয়েকটি অনলাইন সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব আপত্তিকর মন্তব্য করেন।




















