সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর ভস্মীভূত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি মৎস্যজীবী পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১৩টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন সুমলাল দাশ, দীনেশ দাশ, গর্মন দাশ, লামা কান্ত দাশ, সুবল দাশ, কুশিলাল দাশ, মিতি লাল দাশ, ধীরেন্দ্র দাশ, প্রমোদ দাশ, বারীন্দ্র দাশ ও অমিত লাল দাশসহ মোট ১৩ জন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সবাই দরিদ্র মৎস্যজীবী।
ঘরবাড়ি হারিয়ে বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।
ঘটনার পর দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছিল।
পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, ‘এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং ঘরগুলো পরপর লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফলে ১৩টি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি এবং তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

















