কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি!
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের মুখে পড়ার সেই কঠিন সময় এখনো ভুলতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
কথা বলতে বলতেই প্রায় কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
২০০ কোটি রুপির তোলাবাজি ও আর্থিক তছরুপের মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরার নাম জড়িয়ে পড়েছিল। অভিনেত্রীর ভাষ্য, পুরো ঘটনাটি তাকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে তুলেছিল। এর প্রভাব পড়েছিল তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবনেও।
নোরার দাবি, ওই সময় তাকে একাধিক বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারমূলক কাজ থেকে বাদ দেওয়া হয়। বিতর্কের জেরে একের পর এক কাজ হারাতে থাকায় পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছিল তার জন্য।
অভিনেত্রী বলেন, ‘ওই সময়টা কোনো দিন ভুলব না। প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলাম।
নোরা জানান, তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাকে ভালোভাবে চিনলেও সাধারণ মানুষের একাংশ তার সম্পর্কে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনকেই সত্য বলে ধরে নিয়েছিল। বিশেষ করে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল—এমন ধারণা ছড়িয়ে পড়ায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তিনি।
তার দাবি, এ ধরনের গুঞ্জনের কোনো সত্যতা নেই। সুকেশের পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা করা এবং তার কাছ থেকে গাড়িসহ উপহার নেওয়ার প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। নোরার ভাষ্য, সে সময় পুরো ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
এই মামলার তদন্তের সময় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন নোরা।
তার ভাষ্যে, প্রায় দুই বছর ধরে চলা সেই সময়টা ছিল অত্যন্ত ভয়ংকর।
তিনি বলেন, ‘আমি সত্যিই কোনো সাহায্য পাইনি। কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব, তা বুঝতে পারছিলাম না।’
নোরার কথায়, সুকেশের সঙ্গে নাম জড়িয়ে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার সময় তিনি নিজেকে ভীষণ একা, বিভ্রান্ত ও অসহায় মনে করতেন। মানুষের নানা মন্তব্য ও আচরণও তাকে গভীরভাবে আঘাত করেছিল।




















