‘একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘একাত্তরের পরাজিতরা এবং গত ১৭ বছরের স্বৈরাচারী পরাজিত ফ্যাসিবাদরা আজকে এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা পৌর সদরের শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ‘পরাজিত শক্তি গত ১৭ বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছে, শাসন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এখনো আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাঁয়তারা করছে।’
গার্মেন্টস শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ, বাংলাদেশের শ্রমিক ভাইরা ও বোনরা সব সময় বাংলাদেশের মাটিতে তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে। তাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য, দাবি বাস্তবায়নের জন্য বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে।
কিন্তু এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে, সেটা হলো সহিংসতা-সন্ত্রাসী হামলা। এ ধরনের সন্ত্রাসীদের যেকোনো মূল্যে বাংলাদেশের জনগণ দমন করবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকে বিদেশে বসে শুধু হুংকার ছাড়লে হবে না। ১৭ বছর ধরে দুর্নীতি করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, আজকে নতুন নতুন মানবাধিকারের ছবক দেওয়া হচ্ছে বিদেশের মাটিতে বসে।
কোনভাবেই বিদেশের মাটিতে বসে বাসে আগুন দিয়ে, ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেললে এটা কোনভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না।’
৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এ দিনটি আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ৭ নভেম্বর ঘটেছিল বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন দিশা পেয়েছিল। তৎকালীন সময়ে পরাজিত শক্তিরা দেশকে বিপথগামী করার জন্য, দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত করেছিল।’
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর রহমান টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।




















