তিন সিনেমায় অপুর প্রত্যাবর্তন
লম্বা বিরতি কাটিয়ে আবারও সিনেমার কাজে ব্যস্ত হয়ে উঠেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। একসময় বাণিজ্যিক সিনেমায় নিয়মিত অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। মাঝে ব্যক্তিগত ও নানা কারণে বড়পর্দায় তার উপস্থিতি কমে গেলেও নতুন করে কাজের মাধ্যমে ফিরতে চাইছেন এই অভিনেত্রী। বর্তমানে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো ‘শিকার’, ‘দুর্বার’ ও ‘সিক্রেট’।
তিনটি সিনেমা নিয়েই আশাবাদী অপু। সিনেমাগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে ‘শিকার’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে পরিকল্পনা করা হলেও পরে গল্পের ব্যাপ্তি, বাজেট ও অভিনয়শিল্পীদের বিবেচনায় এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নেপালের পোখারায় এর দৃশ্যধারণের পরিকল্পনা ছিল। তবে সেখানে আকস্মিক বন্যার কারণে শুটিং ব্যাহত হয়। ফলে কাজ পুরোপুরি শেষ না করেই দেশে ফিরতে হয় অপুকে।
অপু বিশ্বাসের আরেকটি সিনেমা ‘দুর্বার’। এটি নির্মাণ করছেন কামরুল হাসান ফুয়াদ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আবদুন নূর সজল। এই প্রথম জুটি হয়ে পর্দায় আসছেন তারা। থ্রিলার ও হত্যারহস্যনির্ভর গল্পের সিনেমাটিতে অপুর চরিত্রে রয়েছে ভিন্নমাত্রা। প্রকাশিত লুকে রক্তমাখা মুখে ঠোঁটে আঙুল রেখে কাউকে চুপ থাকার ইঙ্গিত দিতে দেখা গেছে তাকে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এরই মধ্যে সিনেমাটির উল্লেখযোগ্য অংশের শুটিং সম্পন্ন হয়েছে।
অন্যদিকে ‘সিক্রেট’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে রয়েছেন আদর আজাদ। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। রোমান্টিক, অ্যাকশন ও থ্রিলারের মিশেলে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালক জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই অপু ও আদর আজাদকে এই সিনেমার জন্য নির্বাচন করা হয়েছে। ছবিটির গল্প, কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজের; সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন। এমকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।
সিনেমাগুলো প্রসঙ্গে অপু বলেন, তিনটি সিনেমার গল্প তিন ধরনের এবং আমার চরিত্রেও ভিন্নতা রয়েছে। নিজেকে নতুনভাবে তুলে ধরার সুযোগ থাকায় সিনেমাগুলোতে যুক্ত হয়েছি, অভিনয় করছি। আশা করছি তিনটি সিনেমাই দর্শকদের ভালো লাগবে। তারা নতুন কিছু পাবেন।
অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা ও ব্যক্তিগত জীবন সামলাচ্ছেন অপু। তবে চলচ্চিত্রের প্রতি তার আগ্রহে ভাটা পড়েনি। ঢালিউডের সুদিন ফেরার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি। তার বিশ্বাস, ভালো গল্প ও মানসম্মত নির্মাণ দর্শককে আবারও প্রেক্ষাগৃহমুখী করতে পারে।




















