প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জেলা যুবদলের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বালুটুঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য ও ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের আবু বাক্কারের ছেলে আব্দুর রহমান বিশ্বাস। তার সঙ্গে প্রবাসীর স্ত্রী আনিকাকেও পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে এলাকার কয়েকজন যুবক ফুটবল বিশ্বকাপের খেলা দেখার জন্য বাইরে অবস্থান করছিলেন। এ সময় তারা আব্দুর রহমান বিশ্বাসকে ওই বাড়িতে প্রবেশ করতে দেখে সন্দেহ করেন। পরে তাকে অনুসরণ করে প্রবাসীর স্ত্রীর ঘরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন স্থানীয়রা।
এরপর উত্তেজিত জনতা তাদের আটক করে বাড়ির বাইরে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, সকালে ঘটনাটি জানতে পেরেছি। স্থানীয়রা তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশ এসে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুর রহমান বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া শাওন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আব্দুর রহমান বিশ্বাস জেলা যুবদলের সদস্য বলে নিশ্চিত করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।














