আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই : রাশেদ খান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, হাসিনা পালিয়ে গেছে। সে আর কোনো ডিসেম্বরেই ফিরবে না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় আবরার ফাহাদ হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার করার দাবি তোলেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে, এটা দ্বিচারিতা।
জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ বিশ্বাসসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















