১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতু
ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি দলীয়করণ, চাঁদাবাজি ও সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আক্তার মিতু। তিনি বলেছেন, ‘১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে।’
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা আক্তার মিতু বলেন, বিএনপি নির্যাতিত মানুষের দল হিসেবে নিজেদের পরিচয় দিলেও বাস্তবে সেই অবস্থান ধরে রাখতে পারেনি। তিনি দাবি করেন, ‘মজলুমরা কখনো জালিমের পক্ষে থাকে না। কিন্তু আপনারা আবার জালিম হয়ে উঠেছেন।’
ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, তারা বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে সন্ত্রাসীদের দিয়ে সংগঠন গড়ে তুলছে। তারেক রহমানের ‘ঘরে ঘরে চাকরি’ দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, ‘যে চাকরি দেওয়া হয়েছে, সেটি চাঁদাবাজির চাকরি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি অন্তত এক বছর ভালো থাকার অভিনয় করতে পারত। কিন্তু তারা ছয় মাসও তা করতে পারেনি। ক্ষমতায় এসেই সবকিছু দলীয়করণ করেছে।’
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে ডা. মাহমুদা আক্তার মিতু বলেন, ‘জুলাই নিয়ে কথা বললেই আমাদের আবেগ কাজ করে। বিএনপি বলে আমরা জুলাই নিয়ে ব্যবসা করছি। কিন্তু শহীদদের স্মৃতি, তাদের প্রতি দায়বদ্ধতা ও আন্দোলনের চেতনাকে ধরে রাখার কাজ চলমান থাকবে। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধরে রাখতে এনসিপি ও তাদের রাজনৈতিক মিত্ররা কাজ করে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। সদস্যসচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রোকেয়া বেগম এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।










