অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন শেষে ট্র্যাকে ফিরলেন দেশের দ্রুততম মানব ইমরানুর
দীর্ঘদিনের চোট, অস্ত্রোপচার ও পুনর্বাসনের কঠিন সময় পেরিয়ে আবারও ট্র্যাকে ফিরেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুধু খেলায় ফেরাই নয়, অস্ত্রোপচারের পর নিজের প্রথম পূর্ণাঙ্গ মৌসুমও শেষ করেছেন তিনি। দীর্ঘ অনিশ্চয়তা ও প্রতিকূলতা পেরিয়ে এই অর্জনকে নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন বাংলাদেশের এই স্প্রিন্টার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা ও খেলায় ফেরার গল্প তুলে ধরেছেন ইমরানুর রহমান।
তিনি জানান, দুই বছরেরও কিছু বেশি সময় আগে তার একটি অস্ত্রোপচার হয়েছিল। এর প্রভাব পড়েছিল তার সবচেয়ে ভালোবাসার খেলা অ্যাথলেটিকস ও ক্যারিয়ারে। বাংলাদেশের হয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে প্রতিনিধিত্ব করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু অস্ত্রোপচারের পর সেই স্বপ্ন নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
ইমরানুরের ভাষায়, এমন অনেক সময় গেছে, যখন তার মনে হয়েছে হয়তো সবকিছু শেষ হয়ে গেছে। আদৌ আগের অবস্থানে ফিরতে পারবেন কি না, তা নিয়েও ছিল যথেষ্ট সংশয়। সুস্থ হয়ে ওঠা এবং হাতের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছরেরও বেশি সময় লেগেছে।
দীর্ঘ বিরতির পর ট্র্যাকে ফিরলেও শুরুটা সহজ ছিল না। বারবার ছন্দপতন হয়েছে। এমনকি কাছের কিছু মানুষও একসময় সন্দেহ করেছিলেন, তিনি আর আগের মতো পারফরম্যান্সে ফিরতে পারবেন কি না।
তবে সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে নিজের প্রথম পূর্ণাঙ্গ মৌসুম শেষ করতে পেরেছেন ইমরানুর। এটিকেই নিজের জন্য অনেক বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। নিজের অনুভূতি প্রকাশ করে এই স্প্রিন্টার জানান, দীর্ঘ পথচলায় অনেক চড়াই-উতরাই থাকলেও আবারও নিজের ভালোবাসার খেলায় ফিরতে পেরে তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে আগামী মৌসুমের জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এই কঠিন সময়ে যারা তাকে সমর্থন দিয়েছেন এবং সবসময় পাশে থেকেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ইমরানুর। সমর্থকদের ভালোবাসা ও সহযোগিতা তার কাছে কতটা মূল্যবান, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেছেন তিনি। অস্ত্রোপচার, দীর্ঘ পুনর্বাসন ও ফিরে আসার লড়াই শেষে প্রথম পূর্ণাঙ্গ মৌসুম শেষ করা ইমরানুর রহমানের জন্য নিঃসন্দেহে বড় এক অর্জন। এখন নতুন মৌসুমে আরও ভালোভাবে ফেরার প্রত্যাশায় বাংলাদেশের এই দ্রুততম মানব।




















