স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়ে হামলায় আহত জুলাই সমন্বয়ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলাম (হাসিবুল ইসলাম)।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে তার হাতে আঘাত লাগে।
সংশ্লিষ্ট সূত্র ও রিসোর্টের কর্মচারীদের তথ্য মতে, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত সফরে শ্রীমঙ্গলে আসেন হাসিবুল। তারা রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রিসোর্ট থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তারা। এসময় রিসোর্টের ফটক পার হওয়ার পরপরই এক ব্যক্তি ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলাকারীর ধাওয়ায় স্ত্রীকে নিয়ে দৌড়ে আবার রিসোর্টের ভেতরে আশ্রয় নেন হাসিবুল।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, হামলাকারীর দায়ের কোপে হাসিবুলের হাত জখম হয়। রিসোর্টের ভেতরে আশ্রয় নেওয়ার পর কর্মচারীরা তার হাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করেন। পরে কিছুটা সুস্থ বোধ করলে স্ত্রীকে নিয়ে আবার অটোরিকশায় শ্রীমঙ্গল রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হন তিনি।
এদিকে, হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী হাসিব আল ইসলাম। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে ধারালো অস্ত্র দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলার আহ্বায়ক খালেদ হাসান জানান, হামলার খবর পাওয়ার পর স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে ভুক্তভোগী বা অন্য কারও পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবুও পর্যটক ও ভুক্তভোগীর নিরাপত্তার স্বার্থে পুলিশ নিজ উদ্যোগে বিষয়টি খতিয়ে দেখছে।”




















