মানুষকে দেখানোর জন্য লং মার্চ কর্মসূচি দিয়েছে বিরোধী দল: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয়। এ জন্য বিরোধী দলের লং মার্চ কর্মসূচি অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য।
মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়, এই কারণে তারা লং মার্চ কর্মসূচি নিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকার) পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, লং মার্চ কর্মসূচি দেওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধী দলে।
তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়, এই কারণে তারা এই লং মার্চের কর্মসূচি নিয়েছে। এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বিএনপির সরকার বাংলাদেশ থেকে গ্যাস পাচার করে দিয়েছে, তা তো না।
এই সংকটটা তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে, যুদ্ধের কারণে, আমেরিকা-ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে। সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকাতে গ্যাস সরবরাহ অনেক স্থিতিশীল হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা (বিরোধী দল) বলুক।



















