৩ বছর পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, মাধবপুরে আটক ৪
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার দীর্ঘ সাড়ে তিন বছর পর মহব্বত আলী (৩৪) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে অভিযুক্তদের বাড়ির সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার চারজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যা ও লাশ লুকিয়ে রাখার কথা স্বীকার করেছে।
আটককৃতরা হলেন—উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের রোশন মিয়ার ছেলে শাহআলম (৪০), তার স্ত্রী জাহানারা বেগম (৩২), ভাতিজা হেলাল মিয়ার ছেলে ইয়ামিন (২৪) ও দুলাল মিয়ার ছেলে জয়নাল (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে মহব্বত আলী রহস্যজনকভাবে নিখোঁজ হন।
এ ঘটনায় তার নানা আবদুল আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ দিন ধরে তদন্তাধীন ছিল।
তদন্ত চলাকালে সম্প্রতি অভিযুক্ত শাহ আলমের স্ত্রী জাহানারা বেগম মোবাইল ফোনে প্রতিবেশী এক ভাগিনাকে মহব্বত আলীকে হত্যার বিষয়টি নিয়ে হুমকি দেন। ওই ভাগিনা বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে অবহিত করেন।
এর সূত্র ধরেই বৃহস্পতিবার ডিবি পুলিশ রামনগর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটকদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ একপর্যায়ে তারা মহব্বত আলীকে হত্যার পর লাশ গুম করার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে তাদের বাড়ির সেফটিক ট্যাংক খুঁড়ে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত করা হচ্ছে।




















