ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী
ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আইজিপি পুলিশ বাহিনীর প্রধান।তিনি সরকারের একটা অংশ। তিনি ক্রসফায়ারের কথা বলেন কিভাবে? যদি স্লিপ অব টাং করে বলেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটাতো সরকারকে বিব্রত করার মতো অবস্থা।
আজ মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছরের গুম-খুন, গুপ্তহত্যা, অমানবিক দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে আমরা ৫ আগস্ট পেলাম, জুলাই পেলাম। এরপর অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলো। সারা দেশের প্রত্যাশা একটা মানবিক বাংলাদেশ। সেখানে একটা বাহিনীর প্রধান হয়ে, আপনার মুখ দিয়ে এ ধরনের কথা, সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলছে।
তিনি বলেন, দেশে আইন আছে, এই আইন দিয়েই অপরাধ দমন করা সম্ভব, সন্ত্রাস দমন করা সম্ভব। অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের কোনো প্রয়োজন নেই। প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।
আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির কথাপ্রসঙ্গে বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেটাই করব।’
পুলিশপ্রধানের এমন মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সমালোচনার মুখে পুলিশের পক্ষ থেকে এর একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে।





















