হবিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ যুবক নিহত
হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কায়েস ইসলাম তারিফ নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার রাতে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত সাকিব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত তারিফ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় বিসমিল্লাহ অটো কার অ্যান্ড বাইক ওয়াশের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে শহরের বাইপাস সড়কের স্টেডিয়ামসংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারিফ ও সাকিব।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তারিফ।




















