মাধবপুরে প্রশাসন ও এলাকাবাসীর যৌথ অভিযানে দখলমুক্ত কবরস্থান!
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা কবরস্থান অবশেষে দখলমুক্ত করা হয়েছে। মাধবপুর থানা পুলিশ, স্থানীয় মুরব্বি ও যুবকদের সম্মিলিত উদ্যোগে সোমবার বিকেলে পরিচালিত অভিযানে কবরস্থানটি দখলমুক্ত করা হয়। মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা পূর্ব মহল্লায় অবস্থিত হযরত মন্তাজ শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসানের প্রতিনিধি, কালিকাপুর ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জনাব লোকমান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জনাব কাউছার মিয়া মেম্বার, মাধবপুর থানার এএসআই মামুনসহ পুলিশ ফোর্স এবং এলাকাবাসী।কবরস্থান দখলমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দ দেখা দেয়। এ সময় কবরস্থান রক্ষায় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন উপস্থিত সবাই।
স্থানীয়রা জানান, কবরস্থান কোনো ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি নয়। এটি পুরো এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান।
তারা আরও বলেন, ভবিষ্যতে যাতে কেউ কবরস্থানের জায়গা অবৈধভাবে দখল করতে না পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কবরস্থান দখলমুক্ত করার উদ্যোগে সহযোগিতা করায় মাধবপুর থানা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। একইসঙ্গে নিজেদের সময়, শ্রম ও সাহস দিয়ে পাশে থাকা গ্রামের মুরব্বি, যুবক ও সম্মানিত ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কবরস্থানসহ এলাকার সব গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।



















