ফার্মগেটে বাসে আগুন, শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসের এক পাশে আগুন দেওয়া হয়। এ ছাড়া শিল্পাঞ্চল থানার আওতাধীন সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছেন- এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনটি আবার চালু করে যাত্রীসেবা শুরু করা হবে।




















