আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
আটকরা হলেন ফয়সাল ও সুকুমার হালদার।
পুলিশের সূত্রমতে, ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরদিন সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।




















