‘ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে’: ভিসিকে ছাত্রদল নেতা
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে’- এমন মন্তব্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে শাসাতে দেখা যায় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে। এর আগে ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জবি ক্যাম্পাসে এ ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিডিওতে ভিসি ড. মো. রইছ উদ্দীনকে ছাত্রদল নেতা জাফর আহমেদ বলেন, ছাত্রশিবির আজকে আমাদের গায়ে হাত তুলেছে। অনেক টিচার এটার সাথে জড়িত, প্রশাসনের অনেক লোক এটার সাথে জড়িত। প্রশাসনের মধ্যে জামায়াত ও আওয়ামী লীগের দোসর রয়েছে। আমরা আপনাকে অনেক আগেই সতর্ক করেছিলাম, কিন্তু ব্যবস্থা নেননি আপনি।
তিনি আরও বলেন, ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে। কোনো জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগ এখানে থাকতে পারবে না।
এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, আমরা এই ধরনের মববাজদেরকে এবং শিক্ষার্থীদের আবাসন অবস্থাকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা এই ক্যাম্পাসে থাকতে পারবে না।


















