মিডিয়ায় অসাধারণ অবদানের জন্য মিডিয়া এওয়ার্ড পেলেন বাংলাভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ
যুক্তরাজ্যে বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব (এলবিপিসি) এর তেত্রিশ বছরের ঐতিহ্যে নতুন পালক যোগ হয়েছে গত ২৫ ডিসেম্বর ২০২৬, রবিবার। প্রথমবারের মত বিলেতেরে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের কাজের স্বীকৃতি দিতে চালু হলো মিডিয়া এওয়ার্ড। অঞ্চলভিত্তিক বিভাগ ও সাতটি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।
বেন্ট ইন বার্মিংহাম ক্যটাগরির মিডিয়ায় অসাধারণ অবদানের জন্য বিজয়ী হন বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ। এ পুরষ্কার নির্দিষ্ট ছিল ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র সাংবাদিকের জন্য।
মোহাম্মদ মারুফ একজন প্রথিতযশা সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক। নব্বইয়ের দশক থেকে তিনি পেশাগতভাবে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাংলাদেশে অবস্থানকালে তিনি বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় রিপোর্টিংয়ের পাশাপাশি নিয়মিত কলাম লিখে পাঠকমহলে সুপরিচিত হয়ে ওঠেন। সমাজ, রাজনীতি ও বৈশ্বিক প্রেক্ষাপট বিষয়ে তাঁর লেখায় গভীর বিশ্লেষণ ও দায়বদ্ধ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। তাঁর প্রকাশিত গ্রন্থ সাম্রাজ্যবাদের বিশ্বায়ন ও উম্মাহ চেতনা চিন্তাশীল পাঠকদের মধ্যে বিশেষভাবে আলোচিত। এছাড়াও বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে তাঁর কবিতা অন্তর্ভুক্ত রয়েছে, যা তাঁর সাহিত্যিক বহুমাত্রিকতার পরিচয় বহন করে।
২০০৩ সাল থেকে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বসবাস করছেন। প্রবাসজীবনের শুরু থেকেই তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকায় বার্মিংহাম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্যে সংসদসহ একাধিক সাহিত্য ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
লেখালেখি আর সাংবাদিকতার পাশাপাশি বার্মিংহাম তথা বৃটেনের অনেক সামাজিক সংগঠনের সাথেও জড়িত মোহাম্মদ মারুফ একাধারে বাংলা প্রেসক্লাব বার্মিংহামের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা, হবিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে।
বার্মিংহাম যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাঙালি জনবসতির দিক দিয়েও গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ সময় ধরে এখানে লন্ডন শহরের মতো কোনো পূর্ণাঙ্গ ও মানসম্মত বাংলা সংবাদপত্র ছিল না। এই শূন্যতা ও প্রয়োজনীয়তা অনুধাবন করে মোহাম্মদ মারুফ ২০০৯ সালে বাংলা ভয়েস প্রকাশ করেন। উল্লেখ্য, এটি বার্মিংহামের প্রথম উদ্যোগ ছিল না; তবে এই প্রথম কোনো স্থানীয় বাংলা পত্রিকা প্রকাশনা মান, সম্পাদকীয় নীতি ও পেশাদার বিপণন কাঠামোর দিক থেকে লন্ডনের অন্যান্য মূলধারার বাংলা সংবাদপত্রের মানদণ্ডে উন্নীত হয়। বাংলা ভয়েস দ্রুতই বার্মিংহামের বাঙালি কমিউনিটির আস্থা অর্জন করে। এর পিছনের মুল ও একক কারিগর ছিলেন মোহাম্মদ মারুফ।
গত পনেরো বছর ধরে মোহাম্মদ মারুফ পেশাদোরিত্বের সাথে নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় কমিউনিটির বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এলবিপিসির দ্বিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভায় উৎসবমুখর এবং আডম্বরপূর্ণ আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় বিশটি এ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়।











