মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী
গত মে মাসের তুলনায় অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থেকে কমে ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ফলে দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মূল্যস্ফীতি আরো ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য সরকারের।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি : হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। এটি অভ্যন্তরীণ ও আমদানিজনিত এই দুই ধরনের।
আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সার ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আগের শাসনামলে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশে উঠেছিল।
গত অক্টোবরে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে।
স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথা জানান তিনি। সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব এবং ওষুধশিল্পের বিকাশেও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
দেশের ঋণ পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি।




















