ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
মহসিন হোসেন, লেস্টার (যুক্তরাজ্য) প্রতিনিধি : বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মীর উপস্থিতি এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ নভেম্বর ২০২৬, লেস্টারের স্থানীয় ‘মরিয়ম কফি হাউস’-এ ইস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ইস্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি জনাব শহীদুল্লাহ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে। এতে ইস্ট মিডল্যান্ড বিএনপির নবগঠিত ৭ সদস্যের আংশিক কমিটির নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইস্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আলতাব হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন ইস্ট মিডল্যান্ডস বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব হীরা চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত সদস্য জনাব সবুজ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন। শাখা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন: লেস্টার বিএনপি: জনাব রকিব আলী, জনাব মহসিন হোসেন, জনাব আব্দুস সালাম, জনাব হালিম তালুকদার, জনাব ফারুক ভূঁইয়া, মোহাম্মদ কামরুল ইসলাম ও জনাব ওসমান শিবলী। নটিংহাম বিএনপি: জনাব লুৎফর রহমান জনাব হারুন তালুকদার।

সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সিপাহী-জনতার বিপ্লবের চেতনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং দলের ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় শাখা ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















