নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের ‘ছোটদের নজরুল’
রিমন হোসেন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’ ইতোমধ্যে বইটির আনুষ্ঠানিক প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে বইটি প্রকাশ করবে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘বইপত্র প্রকাশন’।
বড়দের সাহিত্যের পাশাপাশি শিশুসাহিত্য রচনায়ও বিশেষ সুনাম অর্জন করেছেন শাম্মী তুলতুল। শিশু-কিশোরদের উপযোগী করে ইতিহাস, সাহিত্য ও মননশীল বিষয় তুলে ধরার ক্ষেত্রে তাঁর রয়েছে স্বতন্ত্র পরিচিতি। নতুন বই ‘ছোটদের নজরুল’-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম শিশু-কিশোরদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রয়াস থাকবে।
শাম্মী তুলতুল দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখির মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি ভারতেও তাঁর লেখালেখি পাঠকমহলে জনপ্রিয়তা লাভ করেছে। চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এই লেখকের বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
নতুন বই প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, “তথ্যভিত্তিক বই লেখা বেশ পরিশ্রমসাধ্য। আর শিশুদের জন্য বই লিখতে হলে লেখার ক্ষেত্রে আরও বিশেষ যত্ন ও মনোযোগ দিতে হয়। নজরুলকে নিয়ে এটি আমার দ্বিতীয় বই, যা সবকিছু অনুকূলে থাকলে প্রকাশিত হবে। আমার নতুন প্রকাশকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে বিশেষ সুযোগ দিয়েছেন।”
নজরুলের জীবন ও সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার ক্ষেত্রে ‘ছোটদের নজরুল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন লেখক ও পাঠকমহল। ‘নজরুল বর্ষ ২০২৬’-এ বইটি প্রকাশের উদ্যোগ বাংলা সাহিত্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।




















