বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলটির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।এতে কার্যালয়ের সামনে টাঙানো কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা কয়েক যুবক উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আগুন দেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই থেকে তিনজন যুবককে কার্যালয়ের সামনে আগুন দিতে দেখা যায়। আগুনে কার্যালয়ের সামনের অংশে টাঙানো ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
তিনি বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে।’
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলাউদ্দিন সরকার বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।




















