গোপালগঞ্জে আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত মিকাইল ইসলাম (৫২), মশিউর রহমান (৪২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মিকাইল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হিরণ ইউনিয়নের নেতা-কর্মীরা সোমবার সন্ধ্যায় একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।
এ বিষয়ে মশিউর রহমান বলেন, ‘মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে যাই। সেখানে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’ শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করেন মশিউর।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতি করেন না। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করছি। আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সেই বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়া আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















