News Title :
গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে দুই গ্রামের যুবকদের একটি মিছিল বের হয়। এ সময় ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জন স্প্লিন্টারের আঘাতে আহত হন। গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি সংঘর্ষের খবর শুনেছেন। তবে বিস্তারিত জানাতে পারেননি।
ট্যাগস :




















