দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এবার ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ টাকার নিচে। ভ্যাটসহ নতুন নির্ধারিত দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস। নতুন দাম রবিবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
এ নিয়ে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক ধাক্কায় ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওই দিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা




















