গাজায় পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিন ৫০টি ইসরায়েলি হামলা : জাতিসংঘ
গাজায় মানুষের জীবন ‘চরম ভয়াবহ ও বিপজ্জনক’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউ। তার ভাষ্য, গত এক সপ্তাহে গাজায় প্রতিদিন গড়ে প্রায় ৫০টি ইসরায়েলি হামলার তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘের দলগুলো।
সম্প্রতি ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ও পশ্চিম তীর সফর শেষে এক ভিডিও ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্কাউ।
এর আগে জাতিসংঘ জানায়, তহবিলের তীব্র সংকটের কারণে গাজায় পাঁচ লাখ এবং অধিকৃত পশ্চিম তীরে দুই লাখ ফিলিস্তিনির জন্য খাদ্যসহায়তা কমাতে হয়েছে।
স্কাউ বলেন, এখন থেকে সবচেয়ে বেশি প্রয়োজন যাদের, তাদের খাদ্যসহায়তা দেওয়াকে অগ্রাধিকার দেবে ডব্লিউএফপি। এ তালিকায় রয়েছেন অসুস্থ ব্যক্তি, অপুষ্টির ঝুঁকিতে থাকা মা ও শিশু এবং ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকার সীমা নির্দেশকারী ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি বসবাসকারীরা।
সংকট আরও বাড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক পদক্ষেপ। গত সপ্তাহে গাজায় খাদ্যসহ বাণিজ্যিক পণ্য প্রবেশের চালান বন্ধ করে দেয় তারা।
অন্যদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা পরিস্থিতিকে মানবাধিকার ও নিরাপত্তা সংকট থেকে খাদ্যসংকটে পরিণত করেছে বলে মন্তব্য করেন স্কাউ। তিনি বলেন, গত তিন বছরে সেখানে খাদ্যনিরাপত্তাহীনতা দ্বিগুণেরও বেশি বেড়েছে।


















