নর্থহ্যাম্পটনশায়ারে ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের প্রথম রোডশো অনুষ্ঠিত
দেশ ফাউন্ডেশন ইউকের আয়োজনে ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রথম রোডশো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নর্থহ্যাম্পটনশায়ারের ফোর পিলারস রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।
রেস্টুরেন্টের কর্ণধার মি. বাবুল হোসেনের সৌজন্যে এ রোডশোর আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীদের সাফল্য ও অবদানকে তুলে ধরার পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
রোডশোতে নর্থহ্যাম্পটনশায়ার, মিল্টন কেইনস, বেডফোর্ডশায়ার, কভেন্ট্রি ও আশপাশের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়িক নেতা এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস আয়োজনের সাহসী উদ্যোগ, দূরদর্শিতা ও অঙ্গীকারের প্রশংসা করেন। অনেকেই অ্যাওয়ার্ডসের সফলতা অব্যাহত রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন দেশ ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান এবং ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান ড. মিসবাউর রহমান। তিনি ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সবাইকে আগামী ২৫ অক্টোবর ২০২৬, বার্মিংহামের বিংলি হলে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
ড. রহমান ব্যবসায়ী ও ব্যক্তিদের অ্যাওয়ার্ডসের মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য ও সফল ব্যক্তি, উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের ভাইস চেয়ারম্যান আহসান হাবিব সাবু, মিডিয়া কোটিনেটর বদরুন আলম নর্থহ্যাম্পটনশায়ারের ব্যবসায়ী কমিউনিটির শক্তিশালী সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অঞ্চলে অ্যাওয়ার্ডসের উদ্যোগকে নিয়ে আসার সুযোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি টিপু রহমান এবং বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ রউফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিডিয়া কো-অর্ডিনেটর বদরুল আলম, জেমস রয়, হোস্ট ফারহানা, প্রিন্স সাদিক, মকলিস মিয়া, মঈন চৌধুরী, সলিসিটর শাহিন জুয়েল, নূর মহল, রকিব এবং আরও অনেকে। বক্তারা দেশ ফাউন্ডেশন ইউকের এই উদ্যোগকে উষ্ণভাবে স্বাগত জানান এবং আসন্ন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সহযোগিতা ও সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে ফোর পিলারস রেস্টুরেন্টের পক্ষ থেকে অতিথিদের জন্য একটি চমৎকার নৈশভোজের আয়োজন করা হয়। নর্থহ্যাম্পটনশায়ার রোডশো সফল করতে উদার আতিথেয়তা, সহযোগিতা ও অবদানের জন্য আয়োজকদের পক্ষ থেকে মি. বাবুল হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নর্থহ্যাম্পটনশায়ার রোডশো ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আগে আয়োজিতব্য ধারাবাহিক রোডশোগুলোর একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব রোডশোর মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাফল্য ও অর্জন উদযাপনে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।
আয়োজকরা এখন আগামী ২৫ অক্টোবর ২০২৬, বার্মিংহামের বিংলি হলে সবাইকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। এই আয়োজনে ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তি ও ব্যবসায়ীদের অর্জন, অবদান ও সাফল্যকে সম্মান ও উদযাপন করা হবে।




















