বার্মিংহামে কবি পিয়াস মজিদকে নিয়ে সাহিত্য আড্ডা ও কবিতা পাঠ
মোরশেদ আহমদ বার্মিংহাম যুক্তরাজ্য: সমকালীন বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর কবি পিয়াস মজিদকে নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা ও কবিতা পাঠের একটি প্রাণবন্ত আয়োজন। মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ইউকের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) রাতে স্মলহীথের এমটি ক্যাটারিং মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ নাসির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মাসুমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি পিয়াস মজিদ। এ সময় তিনি নিজের কবিতা আবৃত্তির পাশাপাশি সমকালীন বাংলা কবিতা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা করেন।
বক্তব্যে কবি পিয়াস মজিদ বলেন, কবিতার অন্যতম প্রধান দায়িত্ব হলো সময়কে ধারণ করা। প্রতিটি যুগের কবিতা সেই সময়ের সমাজ, মানুষ ও জীবনবোধের প্রতিচ্ছবি হয়ে ওঠে। তিনি বিভিন্ন যুগের কবিদের সৃষ্টিকর্মের প্রসঙ্গ তুলে ধরে বাংলা কবিতার ধারাবাহিকতা ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বিশেষভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিস আসার খানমের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিভিন্ন সূত্রে জানা যায় তাঁর কবর যুক্তরাজ্যে রয়েছে। বিষয়টি গবেষণার মাধ্যমে নিশ্চিত করে কবরটি খুঁজে বের করা এবং যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, এটি শুধু নজরুল গবেষণার জন্য নয়, বাংলা সাহিত্য ও ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুরমা-এর সাবেক সম্পাদক ও কবি আহমদ ময়েজ, বিশিষ্ট চলচ্চিত্রকার মকবুল চৌধুরী এবং বাংলা ভয়েস-এর সম্পাদক মোহাম্মদ মারুফ।

কবি আহমদ ময়েজ তাঁর বক্তব্যে বলেন, “পিয়াস মজিদ সমকালীন বাংলা কবিতার এক স্বতন্ত্র কণ্ঠস্বর। তাঁর কবিতায় ভাষার নান্দনিকতা, চিন্তার গভীরতা এবং সময়ের স্পন্দন অনন্যভাবে ফুটে ওঠে। তিনি বাংলা কবিতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসে তাঁকে নিয়ে এমন একটি সাহিত্য আয়োজন নিঃসন্দেহে বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মাহবুব মোহাম্মদ, সাহিত্যিক নোমান আল মনসুর, কবির উদ্দিন, সাংবাদিক সোহেল আহমদ চৌধুরী, কবি এবাদুল ইসলাম, বার্মিংহাম মিডল্যান্ড প্রেসক্লাবের সভাপতি জিয়া তালুকদার, এটিএন বাংলা প্রতিনিধি বদরুল আলম, সাংবাদিক রিয়াদ রায়হান, কবি কয়েস, কবি সৈয়দ ফরহাদ, শমসেদ চৌধুরী, মাজেদুল হক চৌধুরী মিন্টু, সৈয়দ শহিদ আলী, সৈয়দ জাবিরসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উপস্থিত সাহিত্যপ্রেমীরা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।




















