শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দফায় সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ আলটিমেটাম দেন তারা।
ঘোষণা অনুযায়ী, বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, অন্যথায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হবে।
এর আগে তিন দফা দাবিতে বুধবার বিকেল ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা। পরে শিক্ষাভবন মোড়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে সন্ধ্যা ৬টায় শাহবাগ মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। সেখানেই রাত সাড়ে ৭টা পর্যন্ত অবস্থান করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।
শাহবাগে অবস্থানরত মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ওসমান গনী বলেন, ‘গতকাল থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমাদের কোনো প্রতিনিধি নেই। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করতে যেতে চাই না। তাদের রাস্তায় এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে। না হলে আন্দোলন চলবে।’
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।




















