আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: আলিসন বেকার
চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে অংশ না নিলেও, দর্শক হিসেবে পুরো টুর্নামেন্টেই যেন এক অতিপরিচিত নাম। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ শেষ হতেই এ দেশের সমর্থকদের বাঁধভাঙা উল্লাস নিয়মিত জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে।
বাংলাদেশিদের এই ফুটবলপ্রেম আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতি অন্ধ ভালোবাসা এবার সরাসরি পৌঁছে গেছে খোদ মাঠের তারকাদের কাছেও। আর্জেন্টিনার ‘বাজপাখি’খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর এবার বাংলাদেশকে নিয়ে নিজের হৃদয়ের আবেগ প্রকাশ করলেন ব্রাজিলের অতন্দ্রপ্রহরী আলিসন বেকারও।
গত রাতে শেষ ৩২-এর এক রুদ্ধশ্বাস ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় সেলেসাওরা। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফিরিয়েছিলেন ক্যাসেমিরো।
ম্যাচ শেষে মিক্সড জোনে এসে ক্যাসেমিরো বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
তবে ব্রাজিলিয়ান সমর্থকদের মূল চমকটি উপহার দিয়েছেন লিভারপুল তারকা আলিসন বেকার। টি স্পোর্টসের ক্যামেরার সামনে আলিসন বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি বেশ কিছু (উল্লাসের) ভিডিও দেখেছি।
বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’
এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের এই আকাশি-সাদা উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন।
জর্দানের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজ স্মৃতিচারণা করে বলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে সশরীরে গিয়েছি এবং দেখেছি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা।
টুর্নামেন্টের সমীকরণে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরিকোস্ট। অন্যদিকে শেষ ৩২-এর বৈতরণী পার হতে আগামী ৪ জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।




















