হবিগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, জ্বর থেকে খিঁচুনি হয়ে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। পরিবার এ মৃত্যুকে হত্যা বলে অভিযোগ করছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা রাসেল মিয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে ৫ জানুয়ারি থেকে হবিগঞ্জ জেলা কারাগারে ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে রাসেল মিয়াকে কারাগারের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাইকা রহমান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ এ মুহূর্তে বলা যাচ্ছে না।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিলাল উদ্দিন বলেন, নিহত রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন। এ জন্য তাঁকে কারাগারের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। সকালে হঠাৎ জ্বর থেকে খিঁচুনি হলে তিনি মারা যান।
রাসেল মিয়ার মৃত্যুর খবর পেয়ে বাবা আতিক মিয়াসহ পরিবারের লোকজন বেলা একটায় হবিগঞ্জ কারাগারে ছুটে আসেন। আতিক মিয়া দাবি করেন, তাঁর ছেলে কারাগারের ভেতরে সুস্থ ছিল। তাঁকে মারা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার রাতে তাঁর ছেলে মুঠোফোনে মায়ের সঙ্গে কথা বলেছে। এ সময় সে তার মাকে জানায় ভালো আছে। রাত পোহাতেই মৃত্যুর খবর আসে। কান্নাজড়িত কণ্ঠে আতিক মিয়া বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’




















