আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড
গোপালগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তার ব্যবহৃত সরকারি এবং ব্যক্তিগতভাবে মোবাইল দুটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ওই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।
ক্লোজড হওয়া ওই কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উচ্চ পর্যায়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে প্রত্যাহার করা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।




















