কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের হামলা, আহত ৪
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
কুয়েত সেনাবাহিনীর আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টাফ কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান বলেন, দেশটির আকাশসীমায় বেশ কয়েকটি শত্রু ড্রোন শনাক্ত করে সেগুলো মোকাবিলা করেছে সশস্ত্র বাহিনী।
মন্ত্রণালয় জানায়, হামলার পর ড্রোনের ভেঙে পড়া ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হন। তাদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।
আহত চারজনকেই প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা জানায়নি মন্ত্রণালয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, উচ্চমাত্রার কার্যক্রম পরিচালনার সক্ষমতা ও প্রস্তুতি বজায় রেখে তারা নিজেদের দায়িত্ব ও অভিযান অব্যাহত রাখবে।
দেশটির সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সামরিক বাহিনী। নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব পদক্ষেপ নেওয়া হবে।




















