আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি, অতীতের সহিংসতা, গুম-খুন এবং দেশের অর্থনীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের আয়োজনে রবিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠার রাজনীতি, পেট্রল বোমার রাজনীতি এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো।
পরে আবার ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন তারা।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর কারও কথায় নাচবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না। সেই সময়ের মানুষকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা করা হলেও জনগণ শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বসে আপনারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম, খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাদের পরিবারের বুক খালি করেছেন। এখন নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা।
কেউ তাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।
শামা ওবায়েদ বলেন, বর্তমানে দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও আবার বাড়ছে। এসব অগ্রগতি আওয়ামী লীগের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।
গার্মেন্টস খাত নিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প। এ খাতে লাখো নারী শ্রমিক কাজ করে পরিবার চালান এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করেন। অথচ এ খাতকে অস্থিতিশীল ও ধ্বংস করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল, উন্নয়ন সহযোগী ও দেশের মানুষ এসব পরিস্থিতি বুঝতে পারছে। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাদের দাবি-দাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।




















