প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
গাজীপুরে কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখা থেকে নিজের বাবার (এস এম হারুনুর রশিদ) হিসাব থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন তৌহিদুর রশিদ। পরে টাকাগুলো একটি অটোরিকশায় করে হিজলতলী নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে জোরপূর্বক তার কাছে থাকা টাকার ব্যাগটি টেনে-হিঁচড়ে নিয়ে দ্রুত টাঙ্গাইলের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই ভুক্তভোগী কর্মকর্তা জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’




















