ফেঞ্চুগঞ্জে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রায় ৫ লাখ টাকার জাল
বিশেষ প্রতিনিধি, আহাদ আম্বিয়া খোকন: সিলেটের ফেঞ্চুগঞ্জে জেলা প্রশাসকের নির্দেশে হাকালুকি হাওর এলাকার অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) উপজেলার পশ্চিম মৌহনা শাইলকান্দি কৃষ্ণপুর গ্রামে আলোচিত সুফিয়ান নামের এক ব্যক্তির বাড়ি ও সংলগ্ন জুড়ী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে ১৪ অক্টোবর হাকালুকি হাওরের মৎস্য সম্পদ রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি সিলেটের জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে সুফিয়ানের বাড়ি থেকে দুটি অবৈধ চুঙ্গা জাল ও ৩০টি চায়না ম্যাজিক জাল উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়িসংলগ্ন জুড়ী নদী থেকে প্রায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল এবং একটি নিষিদ্ধ মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। উদ্ধার করা সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস এবং ফেঞ্চুগঞ্জ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, অভিযোগে উল্লেখিত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার না করা এবং এ ঘটনায় মামলা না হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযানের সাফল্যে প্রশাসনকে ধন্যবাদ জানালেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ।
স্থানীয়দের দাবি, হাকালুকি হাওরের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।




















