আচরণবিধি লঙ্ঘন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থীকে শোকজ
২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ করেছে নির্বাচন কমিশন। নিজ দলের নেতাকর্মীদের মাধ্যমে প্রতিপক্ষ ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে গণসংযোগে বাধা ও হেনস্তার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে এই শোকজ নোটিশ দেওয়া হয়।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান (ঠাকুরগাঁও-১, সদর) এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় ঠাকুরগাঁও পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া মসজিদে এশার নামাজ আদায় শেষে রাস্তায় গণসংযোগকালে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনের সমর্থক যুবদল নেতা মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ও আলমগীরের নেতৃত্বে ১৫–২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে বলপ্রয়োগ করে গণসংযোগে বাধা, আক্রমণ ও হেনস্তার চেষ্টা করে। এ ঘটনায় ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে তার নির্বাচনি এজেন্ট মোহাম্মদ আলমগীর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন।
নোটিশে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনি গণসংযোগে আপনার সমর্থকদের মাধ্যমে বলপ্রয়োগ করে বাধা প্রদান করায়, তা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ১৫ (ঘ) অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ৬৪(৪) বিধি মোতাবেক পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হবে না—তা আগামী ১৭ অক্টোবর সকাল ১১টায় বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সল আমিন অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানসহ আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্যপ্রমাণাদি (যদি থাকে) উপস্থাপনের নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে অভিযোগকারী ১১ দলীয় ঐক্যের প্রার্থীর নির্বাচনি এজেন্ট মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা যেন স্বাভাবিক নির্বাচনি আচরণবিধি মেনে আমাদের প্রচারণা চালিয়ে যেতে পারি, সে লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি।’
এ ব্যাপারে বক্তব্য জানতে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




















