১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার (৭ অক্টোবর) হোটেল রেডিসন ব্লুতে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান। এ৩৫০-৯০০ উড়োজাহাজ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
চুক্তিতে বিমানের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ। এয়ারবাসের পক্ষে সই করেন এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার।
চুক্তি অনুযায়ী, এয়ারবাসের উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত সেগুলো বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে ১০টি উড়োজাহাজ কেনার মোট বাণিজ্যিক মূল্য প্রকাশ করা হয়নি।
চুক্তি সই অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিমানের আধুনিকায়ন জরুরি। নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ দেশের এভিয়েশন খাতকে আরও এগিয়ে নেবে। শুধু আধুনিক বিমান দিয়ে একটি এয়ারলাইনকে সফল করা যায় না। বিমানের ভবিষ্যৎ নির্ভর করবে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধের ওপর।
তিনি বলেন, নিরাপত্তা, দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে বিমানকে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ এয়ারলাইনে পরিণত করতে হবে।
এয়ারবাসের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার পথ তৈরি হল। বর্তমানে বিমানের জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি।
এর আগে চলতি বছর দুই দফায় বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। গত ৩০ এপ্রিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি এবং ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়।
বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজের মধ্যে ৭৮৭-১০, ৭৮৭-৯ ও ৭৩৭-৮ ম্যাক্স মডেলের উড়োজাহাজ রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এগুলোর সরবরাহ ২০৩১ সাল থেকে শুরু হতে পারে এবং সব উড়োজাহাজ পেতে ১১ থেকে ১২ বছর সময় লাগতে পারে।
এয়ারবাসের ১০টি ও বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহরে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫। এর মধ্যে ১৯টি ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি উড়োজাহাজ। বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি বোয়িং এবং পাঁচটি ড্যাশ-৮। এর দুটি প্রায় অচল হয়ে পড়েছে এবং বাকি ১৭টিও আগামী কয়েক বছরের মধ্যে বহর থেকে বাদ পড়ার কথা রয়েছে।
পুরোনো উড়োজাহাজ বাদ পড়ার আগেই সক্ষমতার ঘাটতি মেটাতে আরও ১০টি উড়োজাহাজ ভাড়া নেওয়ার চেষ্টা করছে বিমান। নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত স্বল্পমেয়াদি ঘাটতি মেটাতে লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে রাষ্ট্রীয় সংস্থাটি।




















