অনিয়ম ও মব কালচার চাই না: হুইপ জি কে গউস
বিগত ১৭ বছরের অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছে। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মব কালচার বা দলবদ্ধ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস। তিনি বলেন, এমন কিছু প্রত্যাশিত নয়। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি গউস।
হুইপ জি কে গউস বলেন, গত ১৭ বছর ধরে অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছিল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় দেশ। সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার ওপর জোর দিচ্ছে। এটি একটি কঠিন কাজ, কারণ দীর্ঘ ১৭ বছর ধরে আইন অমান্য করতে করতে মানুষের মধ্যে আইন না মানার একটি নেতিবাচক অভ্যাস তৈরি হয়েছে।
গউস বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না। একজন ব্যক্তি যত বড় ত্যাগী বা আত্মত্যাগীই হোন না কেন, তাঁর কোনো অপকর্মের দায় বিএনপি বা রাষ্ট্র নেবে না।
সভায় সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের এমপি নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এর আগে বিকেলে শহরের পুরাতন বাসস্টেশনের একটি হোটেলের মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।




















