ঘুষ নেওয়ায় চীনে সাবেক গভর্নরের মৃত্যুদণ্ড
ঘুষ নেওয়ার অভিযোগে চীনের শানসি প্রদেশের সাবেক গভর্নর জিন শিয়াংজুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে মৃত্যুদণ্ডটি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হেনান প্রদেশের শিনইয়াং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট জিনকে ১৪৮ মিলিয়ন ইউয়ানের বেশি ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা ।
আদালত একই সঙ্গে জিনের আজীবনের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া এবং তার ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ এবং সেই অর্থ থেকে পাওয়া সুদও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জুন মাসে এ মামলার প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। আদালত বলেন, জিন ‘অত্যন্ত বড় অঙ্কের’ ঘুষের সঙ্গে জড়িত ছিলেন এবং তার কর্মকাণ্ডে রাষ্ট্র ও জনগণের স্বার্থের গুরুতর ক্ষতি হয়েছে। এসব কারণে মৃত্যুদণ্ড দেওয়ার মতো অপরাধ তিনি করেছেন বলে আদালত উল্লেখ করেন।
তবে গ্রেপ্তারের পর জিন নিজের অপরাধ স্বীকার করেন, আগে প্রকাশ না পাওয়া আরও কিছু ঘুষের তথ্য তদন্তকারীদের জানান এবং আদালতে দোষ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন। পাশাপাশি তার অবৈধ আয়ের কিছু অংশ উদ্ধার হওয়ায় আদালত মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
চীনের আইনে এ ধরনের স্থগিত মৃত্যুদণ্ডের মেয়াদে আসামি নতুন গুরুতর অপরাধ না করলে পরবর্তীতে শাস্তি কমিয়ে যাবজ্জীবন বা নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ডে রূপান্তর করা হতে পারে।
জিন শিয়াংজুন শানসি প্রাদেশিক কমিউনিস্ট পার্টি কমিটির সাবেক উপপ্রধানও ছিলেন। অভিযোগ অনুযায়ী, নিজের সরকারি পদ ও প্রভাব ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পের ঠিকাদারি কাজে অন্যদের সুবিধা পাইয়ে দেন তিনি।
এর বিনিময়ে বিপুল অর্থ ও মূল্যবান উপহার গ্রহণ করেন জিন। গত বছরের অক্টোবরে গুরুতর দলীয় শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের অভিযোগে তাকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না থেকে বহিষ্কার এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়।
এদিকে একই দিনে চীনের দুর্নীতিবিরোধী শীর্ষ সংস্থা জানায়, দেশটির সাবেক জরুরি ব্যবস্থাপনামন্ত্রী ওয়াং শিয়াংসিকেও গুরুতর শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের অভিযোগে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়েছে।




















