প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তিনি সিলেট যাবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। সফরের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভায় রাষ্ট্রপতির সফরসূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে এসে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে। সফরকে সফল করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন মহলেও প্রস্তুতি শুরু হয়েছে।
এ বিষয়ে সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সিলেট সফরে যাবেন। সফরকে সামনে রেখে আমরা সব ধরনের প্রস্তুতি শুরু করছি।




















