ইরান যুদ্ধ দেখিয়েছে যে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা যথেষ্ট নয়: কাতার
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ইরান যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোটের ওপর নির্ভর না করার শিক্ষা দিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আবুধাবিতে হিলি ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোট গুরুত্বপূর্ণ হলেও তা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়।
আল-আনসারি বলেন, উপসাগরীয় দেশগুলোর নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন। নিরাপত্তার ক্ষেত্রে আত্মনির্ভরতাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় কাতারসহ উপসাগরীয় দেশগুলো এর আগে নিন্দা জানিয়েছে। এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেও তারা অভিযোগ করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত থামাতে কাতার ও পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের মধ্যস্থতায় এপ্রিলে একটি যুদ্ধবিরতি এবং জুনে একটি সমঝোতা স্মারক হয়েছিল। তবে পরবর্তী সময়ে দুটি ব্যবস্থাই ভেঙে পড়ে।
এদিকে, প্রায় এক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর প্রায় এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত থেমে থেমে চলছিল। এ নিয়ে কূটনৈতিক আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা ভেঙে পড়ে।





















