পদ্মা সেতুর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসের ৮ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।
মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়।




















