চুনারুঘাটে আ.লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। গত শুক্রবার (১৪ আগস্ট) এসআই মো. সুমন মিয়া চুনারুঘাট থানায় মামলাটি করেন।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলা নিয়ে বলেন, এজাহারের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চুনারুঘাট থানাধীন মিরাশী ইউনিয়নের পূর্ব পাকুরিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান মানিক সরকারের বাড়িতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হন আসামিরা। খবর পেয়ে পুলিশ মানিক সরকারকে গ্রেফতার করে। এসময় অন্য আসামিরা পালিয়ে যান।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, সভাপতি আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ সভাপতি মো. রজব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আলী, সাইফুল ইসলাম রুবেল ও সজল দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সভাপতি রাসেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মর্তুজ সরদার এবং উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল।
এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।




















