সিলেটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুল-শিক্ষকের
সিলেট নগরীতে বেতনের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্লু-বার্ড স্কুলের গেইটের সামনের সড়কে এই ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন।
নিহত মুরাদ আহমদ (৫৯) ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক। তিনি নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা।
স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে পাঠদান করেন মুরাদ আহমদ। পরে বেতনের চেক পেয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে স্কুল থেকে বের হয়েছিলেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্লু-বার্ড স্কুলের পাশেই বাংলাদেশ বেতারের সামনে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সিলেট কোতোয়ালি থানার ওসি মাঈনুল জাকির বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটির চালককে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।
ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, নিহত শিক্ষকের মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।




















