মৌলভীবাজারে বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের এই তিন বাসিন্দা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন।
নিহতরা হলেন উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা হামিদ মিয়া (৪৫), সাবির আলী (৪০) এবং কাবিল মিয়া (৫০)। তার মধ্যে কাবিল মিয়া নিখোঁজ রয়েছেন। নিহত কাবিল ও হামিদ আপন দুই ভাই। তারা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে।
নিহত সাব্বির মিয়া একই এলাকার রফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কামালপুর গ্রাম থেকে একটি নৌকা নিয়ে ওই তিন জেলে হাকালুকি হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে আকাশ কালো করে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় তারা মারা যান।
একই গ্রামের ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। নিহত সাবিরের চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানান, ‘তারা প্রতিদিনের মতো হাকালুকি হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ‘হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ ছিলেন। তার মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘হাওরে বজ্রপাতে ৩ জন মারা গেছে। তিনজন জেলেরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’




















