বার্মিংহামে স্থানীয় নির্বাচন: বাংলাদেশি প্রার্থীদের দাপুটে বিজয়
ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহামে এবারের স্থানীয় সরকার নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নতুন করে নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ছয়জন বাংলাদেশি প্রার্থী বিজয়ী হয়ে শহরের রাজনৈতিক পরিমণ্ডলে একটি দৃশ্যমান অগ্রগতির বার্তা দিয়েছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন, আস্টন ওয়ার্ড থেকে ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক আব্দুল মঈন চৌধুরী সুমন এবং বর্তমান কাউন্সিলর মমতাজ হোসেইন। এর মধ্যে সুমন চৌধুরী প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনী অঙ্গনে চমক সৃষ্টি করে বিজয়ের স্বাদ পান।
অন্যদিকে মমতাজ হোসেইন, যিনি পূর্ববর্তী নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর হিসেবে ইতিহাস গড়েছিলেন, এবার লিবারেল ডেমোক্র্যাটসের হয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয় নিশ্চিত করেছেন।
লজেলস ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন তাজ উদ্দিন। নিউ টাউন ওয়ার্ডে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাশিদা বেগম। গেরেটস গ্রিন ওয়ার্ডে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাদেক মিয়া সমসু।
একইভাবে টাইসলি ও হাইগেট ওয়ার্ডে গ্রিন পার্টির হয়ে জয়ী হয়েছেন আতিকুর রহমান।
প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে নিজ নিজ ওয়ার্ডে ভোটারদের আস্থা অর্জন করে তারা বিজয়ের মালা পরেন। এর ফলে বার্মিংহামের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক উপস্থিতি আরো বিস্তৃত ও সমৃদ্ধ হলো।




















