কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুর
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা বলেন, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ এসে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেন।
এদিকে একই সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় হামলা চালিয়ে আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা কাগজপত্রেও আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।




















